সাগর দেব, তেলিয়ামুড়া, ২৩ আগস্ট || পানীয় জলের দাবিতে উত্তাল হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন খাসিয়া মঙ্গল তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন গোবিন্দছড়া এলাকা। মঙ্গলবার সকালে আকস্মিকভাবে এলাকাবাসীরা পথ অবরোধে বসে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস আগে সড়ক সংস্কার কাজের কারণে পানীয় জলের পাম্প মেশিন স্থানান্তরিত করা হয়। সেই থেকে গোটা অঞ্চলে জলের সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়। প্রায় ৭০ পরিবারের বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হলেও বারবার অভিযোগ জানিয়েও সমাধান মেলেনি। এতে ক্ষুব্ধ গ্রামবাসীরা অবরোধে নামতে বাধ্য হন।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম প্রদীপ কুমার সরকার, তেলিয়ামুড়া থানার সাব-ইন্সপেক্টর বিদ্যা দেববরমা সহ প্রশাসনের আধিকারিকরা। তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালালেও গ্রামবাসীরা জানিয়ে দেন—ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিকরা না আসা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলছিল। তবে ঘটনাস্থলে কোনো ডিডাব্লিউএস আধিকারিককে দেখা যায়নি। ডিসিএম প্রদীপ কুমার সরকার আশ্বাস দিয়ে জানান, দ্রুত সমস্যার সমাধান করা হবে এবং ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিকদের নিয়ে আজই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করা হবে।
