নীরমহলের ফটকে আগুন ঘিরে তীব্র বিতর্ক, ইয়ুথ তিপ্রা ফেডারেশন’ তালাবন্দি পদক্ষেপে পর্যটন বন্ধ, থানায় ডেপুটেশন, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি জনগণের

গোপাল সিং, খোয়াই, ০২ অক্টোবর || ত্রিপুরার ঐতিহাসিক নীরমহলের প্রধান প্রবেশপথে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। শনিবার ইয়ুথ তিপ্রা ফেডারেশনের কর্মীরা নীরমহলের গেট তালাবদ্ধ করে মেলাঘর থানায় ডেপুটেশন জমা দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। ঘটনাপরবর্তী পরিস্থিতিতে পর্যটকদের প্রবেশ আপাতত স্থগিত রেখেছে প্রশাসন।
সূত্রের দাবি, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই মূল ফটকে আগুন লাগে। তবে স্থানীয় মানুষ ও রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, ঘটনাটির নেপথ্যে বড় ধরনের ষড়যন্ত্র লুকিয়ে আছে। অন্যদিকে, বিরোধী দল ও ঐতিহ্য রক্ষাকারী সংগঠনগুলি অভিযোগ তুলেছে, রাজ্যের অনুমতি ছাড়া নীরমহল তালাবদ্ধ করা ও পর্যটন কার্যক্রম বন্ধ করা বেআইনি। তাদের মতে, কেবলমাত্র রাজ্য প্রশাসনেরই এখতিয়ার আছে নীরমহল রক্ষা ও পরিচালনার।
ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র নীরমহলকে “লেক প্যালেস অফ ত্রিপুরা” বলা হয়। মহারাজা বীর বিক্রম মানিক্য ১৯৩০-এর দশকে এর নির্মাণ করেছিলেন। এই ঐতিহাসিক স্থাপনায় অগ্নিকাণ্ডকে রাজ্যের ঐতিহ্যের উপর নজিরবিহীন আঘাত হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ক্ষুব্ধ সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা ও পর্যটন দপ্তরের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। তাদের কথায়, অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং নীরমহলকে রাজনৈতিক বা আর্থিক দরকষাকষির হাতিয়ার হতে দেওয়া যাবে না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*