ওএনজিসি আগরতলায় দশেরা উৎসবে রাবণ দহন, শুভ শক্তির জয়গানে আগরতলায় প্রতিধ্বনিত হল ‘অসুর বধ’-এর মাহাত্ম্য

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর || বৃহস্পতিবার ওএনজিসি আগরতলার কেন্দ্রীয় বিদ্যালয় মাঠে পালিত হলো মহা দশেরা উৎসব। শুভ ও অশুভের লড়াইয়ে শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে অনুষ্ঠিত হয় রাবণ দহন। পৌরাণিক কাহিনী অনুসারে, এই দিনেই ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে বধ করেন, যা ‘সত্য ও ন্যায়ের জয়’ হিসেবে প্রতীকীভাবে উদযাপিত হয়।
এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব শ্রী জে. কে. সিনহা (J. K. Sinha), যিনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মণিক সাহা’র কন্যা, যিনি অতিথি হিসেবে যোগ দিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছেন। তাঁরা মঞ্চে আসেন ওএনজিসি-র ডিজিএম ও তাঁর সহধর্মিণী-র উষ্ণ অভ্যর্থনা পেয়ে।
রাবণ দহনের এই দৃষ্টিনন্দন মুহূর্ত প্রত্যক্ষ করতে আগরতলা শহর ও শহরতলির নানা প্রান্ত থেকে বহু মানুষ উপস্থিত হন। আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে রাবণের প্রতিকৃতি, আকাশে ছড়িয়ে পড়ে আলোকোজ্জ্বল আতশবাজি। শিশু থেকে বৃদ্ধ — সকলের মধ্যেই ছিল উৎসবের উচ্ছ্বাস।
অনুষ্ঠানে ওএনজিসি-র অসংখ্য কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবার উপস্থিত ছিলেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। রাবণ দহনের মধ্য দিয়ে ওএনজিসি আগরতলা প্রদর্শন করল ‘সৎ শক্তির জয়ই চিরন্তন’ — এই বার্তাকে।
এই মহৎ আয়োজনে সকলের মুখে ফুটে উঠেছিল আনন্দ, গর্ব ও শুভশক্তির প্রতি শ্রদ্ধা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*