আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ অক্টোবর || ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়ে হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিলেন তৃণমূল নেতারা। আগরতলায় দলীয় কার্যালয়ে ভাঙচুর ও হামলার ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা।
তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, সাংসদ প্রতিমা মণ্ডল, সাংসদ সায়নী ঘোষ, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষসহ অন্যান্যরা।
প্রসঙ্গত, বুধবার দুপুরে রাজ্যে পৌঁছান এই প্রতিনিধি দল। আগরতলায় নামার পরই দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন নেতারা।
আজ তাঁরা পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগপত্র জমা দেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।
তৃণমূল নেতাদের অভিযোগ, বিজেপির মদতেই এই হামলার ঘটনা ঘটানো হয়েছে, যা রাজ্যের গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। তাঁরা জানান, রাজ্যে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ফেরাতে দোষীদের দ্রুত গ্রেপ্তার করাই একমাত্র পথ।
ডেপুটেশন জমা দেওয়ার পর তৃণমূল নেতৃত্ব জানান, “ত্রিপুরায় আইনশৃঙ্খলার অবনতি চরমে। আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে, আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে ব্যবস্থা নিক।”
