আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর || আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে প্রবীণদের সংবর্ধনা ও সম্মাননা জানাতে মঙ্গলবার আগরতলা টাউন হলে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় আহ্বান জানান—পুত্র, কন্যা ও আত্মীয়-পরিজনরা যেন প্রবীণ নাগরিকদের প্রতি নিজেদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেন।
মন্ত্রী বলেন, “প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভাণ্ডার। তাঁদের সুরক্ষা, সম্মান ও যত্ন নেওয়া প্রতিটি পরিবারের নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ সমাজ কল্যাণ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা প্রদান ছাড়াও তাঁদের জন্য সরকার গৃহীত নানা কল্যাণমূলক প্রকল্পের দিক তুলে ধরা হয়।
আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে আয়োজিত এদিনের এই অনুষ্ঠান প্রজন্মের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার বার্তা বহন করে।
