গোপাল সিং, খোয়াই, ১৭ অক্টোবর || ত্রিপুরার গোমতি জেলার উদয়পুরের বাসিন্দা জাকির মিয়া প্রমাণ করেছেন, প্রশাসনের অন্যায় বা অব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে রাজনৈতিক প্রভাব নয়, লাগে শুধু দৃঢ়তা, সাহস আর ন্যায়বোধ।
গত দশ বছরে তিনি রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর — বন, পুলিশ, শিক্ষা, অর্থ ও আইন বিভাগ — এর বিরুদ্ধে ৯টি জনস্বার্থমূলক হাইকোর্টে মামলা ও ২২টি আরটিআই (RTI) আবেদন করেছেন। তাঁর লক্ষ্য ছিল প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ নাগরিকের ন্যায্য অধিকার রক্ষা করা।
এই অবিচল লড়াই ও নাগরিক সচেতনতার স্বীকৃতি হিসেবে গত ২৪শে সেপ্টেম্বর ২০২৫, তাঁর নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তিনি এখন একজন আইবিআর অ্যাচিভার।
জাকির মিয়া বলেন, সত্য ও ন্যায়ের পথে চলাই আমার ধর্ম। অন্যায় দেখলে চুপ থাকা মানে অন্যায়কে শক্তি দেওয়া — তাই আমি কলম আর আইনের আশ্রয় নিয়েছি।
স্থানীয় সমাজকর্মী ও সচেতন নাগরিকদের মতে, জাকির মিয়ার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি ত্রিপুরার নাগরিক সমাজের ন্যায়বিচারের প্রতি অটল বিশ্বাসের প্রতীক।
ছোট রাজ্যের মাটিতে দাঁড়িয়ে এক সাধারণ মানুষ যে জাতীয় স্তরে প্রভাব ফেলতে পারে, জাকির মিয়া আজ তার জীবন্ত উদাহরণ।
