ব্রিজ নয়, বাঁশের সেতুই ভরসা! অবশেষে ক্ষোভে ফেটে পড়ল আমবাসা — জাতীয় সড়ক অবরোধে স্থানীয়দের বিক্ষোভ

গোপাল সিং, খোয়াই, ১৭ অক্টোবর || কথায় আছে, “কান টানলেই মাথা আসে!”— প্রশাসনের ঘুম ভাঙাতে এবার সেই কান টানলেন আমবাসার সাধারণ মানুষ। ধলাই জেলার আমবাসা ব্লকের রাইপাসা এলাকায় ব্রিজ নির্মাণের দাবিতে শুক্রবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১ হাজার পরিবারের বসবাস রাইপাসা অঞ্চলে। বহু বছর আগে এলাকার একমাত্র স্টিল ব্রিজটি ভেঙে যায়, তার পর থেকেই মানুষ পারাপারের জন্য বাধ্য হয়ে বাঁশের সেতু ব্যবহার করছেন। এই অস্থায়ী সেতুটি গত চার মাস ধরে একেবারে জরাজীর্ণ, যা এখন কার্যত “মরণ ফাঁদে” পরিণত হয়েছে।
এর প্রতিবাদে এদিন সকালে আমবাসা বেতবাগান এলাকার সিআরপিএফ ক্যাম্পের সামনে জাতীয় সড়ক অবরোধে বসে পড়েন স্থানীয়রা।
তাদের অভিযোগ — বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি। “আমাদের শিশু, বৃদ্ধ সবাই প্রতিদিন এই বিপজ্জনক সেতু দিয়ে যাতায়াত করছে। একদিন বড় দুর্ঘটনা ঘটবে— তারপরই হয়তো প্রশাসনের ঘুম ভাঙবে!” — ক্ষোভ উগড়ে দেন অবরোধকারীরা।
খবর পেয়ে আমবাসা থানার পুলিশ ও পূর্ত দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আলোচনা করেন অবরোধকারীদের সঙ্গে। শেষমেশ পূর্ত দপ্তরের ব্রিজ নির্মাণের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
তবে স্থানীয়দের প্রশ্ন রয়ে গেছে— “আশ্বাস তো বহুবারই পেয়েছি, এবার কি সত্যিই হবে ব্রিজ?”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*