আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর || আজ গোবর্ধন পূজা ও অন্নকূট—দীপাবলির পরদিন পালিত এই বিশেষ তিথিতে ভক্তদের মধ্যে উৎসবের উচ্ছ্বাস চোখে পড়ল রাজ্যজুড়ে। পৌরাণিক কাহিনি অনুযায়ী দেবরাজ ইন্দ্রের অহংকার বিনাশের জন্য ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের পূজা করেন। ইন্দ্রের প্রেরিত অঝোর বৃষ্টিতে বৃন্দাবনবাসীদের রক্ষা করতে কৃষ্ণ কনিষ্ঠ আঙুলে তুলে ধরেন গোবর্ধন পর্বত। তখন ভক্তরা নিজেদের সঙ্গে থাকা নানা খাদ্যসামগ্রী মিশিয়ে কৃষ্ণকে ভোগ দেন—যা পরবর্তীকালে ‘অন্নকূট’ নামেই পরিচিত হয়।
এই তিথিতেই প্রতি বছর পালিত হয় গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসব। আজ আগরতলার ইসকন মন্দিরে আয়োজিত হয় বিশেষ পূজার্চনা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণ মুখর ছিল ভক্তদের ভিড়ে। গিরিরাজ গোবর্ধনের আরাধনায় ভক্তরা কৃষ্ণভক্তিতে নিমগ্ন হন। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ৫৬ ধরনের সবজি ও শস্য দিয়ে সাজানো হয়েছে বিশাল অন্নকূট ভোগ, যা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়।
দিনভর মন্দিরে অনুষ্ঠিত হয় নামসংকীর্তন, গোপাল কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ। ভক্তদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও ভক্তিভাব। গোবর্ধন পূজার এই পবিত্র দিনে আগরতলা ইসকন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিবেদিত পূজা ও ভোগের মধ্য দিয়ে যেন ভক্তি ও আনন্দে ভরে ওঠে সমগ্র পরিবেশ।
