গোপাল সিং, খোয়াই, ২২ অক্টোবর || গোকুলনগর মধ্যপাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে ৫৬ বছর বয়সি জীবন সরকারের প্রায় এক কানি জুড়ে থাকা ফলন্ত লাউ খেত কেটে নষ্ট করে দেয়। কয়েক মাসের পরিশ্রম মুহূর্তে মাটিতে মিশে যায়— চোখের সামনে শেষ হয়ে যায় জীবনবাবুর একমাত্র জীবিকার উৎস।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কমলসাগরের মণ্ডল সভাপতি কাজল সরকার, গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং বিএলডব্লিউ গৌতম দাস। তাঁরা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি পরিদর্শন করেন ও প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানান।
জীবন সরকার জানিয়েছেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য তিনিই। একাদশ শ্রেণিতে পড়ুয়া নাবালিকা কন্যাসন্তানকে মানুষ করার দায়িত্ব তাঁর একার কাঁধে। চোখে জল নিয়ে তিনি বলেন, “দিনরাত পরিশ্রম করে খেতটায় ফসল তুলতে চেয়েছিলাম, মেয়ের পড়াশোনার খরচ জোগাতে। এখন সব শেষ।”
স্থানীয়দের দাবি, এর পেছনে পুরনো শত্রুতার হাত থাকতে পারে। ইতিমধ্যেই পুলিশ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। এখন দেখার বিষয়— জীবন সরকার সরকারি সহযোগিতা বা ক্ষতিপূরণ পান কি না।
