৩৬ দিন পরও নিখোঁজ কাঠমিস্ত্রির হদিস নেই, পুলিশের ভূমিকায় ক্ষোভ – পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি ও বিধায়ক

সুব্রত দাস, গন্ডাছড়া, ১২ নভেম্বর || গন্ডাছড়া থানার হরিপুর বারোকার্ড এলাকার কাঠমিস্ত্রি সূর্য মোহন দাস (৫২) নিখোঁজ হয়ে পড়েছেন টানা ৩৬ দিন। গত ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো কাজে বের হয়েছিলেন তিনি। কিন্তু তারপর থেকেই আর বাড়ি ফেরেননি। সন্ধ্যা গড়িয়ে গেলেও কোনো খোঁজ না মেলায় পরিবারের পক্ষ থেকে গন্ডাছড়া থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।
তবে অভিযোগ, দীর্ঘ ৩৬ দিন অতিক্রান্ত হলেও পুলিশি অনুসন্ধানে এখনও কোনো সাফল্য মেলেনি। এতে পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। নিখোঁজ সূর্য মোহন দাসের উপরই নির্ভরশীল তাঁর স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য নিখোঁজ থাকায় চরম সংকটে পড়েছেন তারা।
আজ, বুধবার নিখোঁজ কাঠমিস্ত্রির বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মণ। শোকার্ত পরিবারের আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের পাশে দাঁড়িয়ে সবরকম সহযোগিতার আশ্বাস দেন কংগ্রেস নেতৃত্ব।
পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ তুলে আশীষ কুমার সাহা বলেন, “একজন পরিশ্রমী শ্রমজীবী মানুষ ৩৬ দিন ধরে নিখোঁজ, অথচ পুলিশ এখনো কিছুই করতে পারেনি – এটি অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।” তিনি জানান, বিষয়টি দ্রুত পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের গোচরে আনা হবে।
এ ঘটনায় গোটা বারোকার্ড এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে এখন একটাই প্রশ্ন – “সূর্য মোহন দাস কোথায়?”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*