নেপাল থেকে উদ্ধার সাব্রুমের নিখোঁজ নাবালিকা, অপহরণকারী আটক — সাব্রুম থানার বড় সাফল্য

আপডেট প্রতিনিধি, সাব্রুম, ১১ নভেম্বর || দীর্ঘ তিন সপ্তাহের টানা প্রচেষ্টার পর অবশেষে সাব্রুম থানার পুলিশ এক বড়সড় সাফল্য অর্জন করেছে। গত ১৯শে অক্টোবর সাব্রুম এলাকা থেকে এক নাবালিকা ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ শুরু করে জোরদার তদন্ত ও অনুসন্ধান অভিযান।
তদন্তে মোবাইলের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে যে, অপহৃত নাবালিকাকে সীমান্ত পেরিয়ে নেপালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর জেলা পুলিশ সুপার মড়িয়া কৃষ্ণা এবং এএসপি (আইপিএস) বিশাল কুমারের নির্দেশে সাব্রুম থানার ওসি ওপু দাসের নেতৃত্বে বিশেষ টিম নেপালের ডং জেলার তুলশীপুর গ্রামে পৌঁছে যায়। সেখানেই অপহরণকারীর সৎমায়ের হেফাজত থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়।
গত ৯ নভেম্বর বিমানে করে উদ্ধারকৃত নাবালিকাকে নিরাপদে সাব্রুমে ফিরিয়ে আনা হয়। অন্যদিকে, প্রধান অভিযুক্ত কৃষ্ণ ঠাকুর (৩৫), অসমের কোকরাঝাড় জেলার বাসিন্দা, তাকে ১০ নভেম্বর মোবাইলের লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এই অভিযানের বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান, “সাব্রুম থানার এই সাফল্যের পেছনে গোটা তদন্ত দলের অক্লান্ত পরিশ্রম রয়েছে। বিশেষ করে জেলা পুলিশ সুপার, এএসপি, ওসি এবং তদন্তকারী অফিসারদের যৌথ প্রচেষ্টাতেই এই সাফল্য সম্ভব হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত বর্তমানে অব্যাহত রয়েছে। সাব্রুম থানার এই কার্যকরী পদক্ষেপে এলাকাজুড়ে পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশংসিত হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*