নয়া দিল্লী, ১১ নভেম্বর || ভুটান সফর সেরে দেশে ফিরেই মানবিকতার নজির রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সোমবার, ১০ নভেম্বর লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে আহতদের দেখতে দুপুরে দিল্লীর লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে পৌঁছান তিনি।
হাসপাতালে গিয়ে একে একে আহতদের শয্যার পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী। কথা বলেন তাঁদের সঙ্গে, খোঁজ নেন শারীরিক অবস্থার। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী, চিকিৎসা পরিষেবার অগ্রগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান।
প্রধানমন্ত্রী মোদী আগেই ভুটান সফর চলাকালীন এই বিস্ফোরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এদিন হাসপাতাল পরিদর্শনের সময়ও তিনি কেন্দ্রীয় প্রশাসন ও দিল্লী পুলিশের শীর্ষ কর্তাদের দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বলে সূত্রের খবর।
রাজধানীর এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতি আহতদের পরিবার ও চিকিৎসকদের মনে নতুন আশার সঞ্চার করেছে।
