আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর || শুক্রবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজ্যুমার অ্যাসোসিয়েশন রাজ্যের বিদ্যুৎ মাশুল বৃদ্ধি না করার জোরালো দাবি জানায়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই প্রান্তিক রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। তাই বাড়তি মাশুল আরোপের যেকোনো সিদ্ধান্ত থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় রাজ্য সরকারের প্রতি।
সাংবাদিক সম্মেলনে মোট ছয়টি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে প্রধান দাবি হলো—গ্রাহকদের সম্মতি ছাড়া জোরপূর্বক স্মার্ট মিটার বসানো বন্ধ করা এবং ইতিমধ্যে বসানো স্মার্ট মিটার বাতিল করা। সংগঠনের বক্তব্য, স্মার্ট মিটারের কারণে নানা অসুবিধার অভিযোগ আসছে, যা উপেক্ষা করা উচিত নয়।
এছাড়া তারা জানান,
TSECL–এর আর্থিক ঘাটতি পূরণে রাজ্য সরকারকে সরাসরি দায়িত্ব নিতে হবে।
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাস আন্তর্জাতিক বাজারমূল্যের ভিত্তিতে নয়, স্বল্পমূল্যে রাজ্যে সরবরাহ নিশ্চিত করতে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাতে হবে।
পরিবহণজনিত ক্ষতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
নিয়মিত বিদ্যুৎ বিল সংগ্রহে স্থায়ী মিটার রিডার নিয়োগ করতে হবে, আউটসোর্সিং নয়।
একইভাবে TSECL–এ স্থায়ী লাইনম্যান নিয়োগের দাবিও জানায় সংগঠন।
বিদ্যুৎ অপচয় ও চুরি রোধে রাজ্য সরকার এবং TSECL–কে বিশেষ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
সংগঠনের দাবি, এসব পদক্ষেপ কার্যকর হলে একদিকে যেমন বিদ্যুৎ ব্যবস্থার স্থিতিশীলতা বাড়বে, তেমনি গ্রাহক স্বার্থও সুরক্ষিত হবে।
