খেলাধুলা ডেস্ক ।। উইম্বলডন ডাবলসের নারী বিভাগের চূড়ান্ত পর্বে শেষ হাসি হাসলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং সুইস টেনিস তারকা মার্টিনা হিঙ্গিসের জুটি। রুশ জুটি একতেরিনা মারাকোভা এবং এলিনা ভেসনিনাকে সানিয়া-হিঙ্গিস হারিয়েছেন ৫-৭, ৭-৬ ও ৭-৫ সেটে। খেলার শুরুতে রুশ দলটির কাছে ২-৫ সেটে হারতে বসলেও পরে পেশাদারিত্বের সাথেই নানা কৌশলে জয় টেনে বের করে নিজেদের দিকে নিয়ে নেন সানিয়া-হিঙ্গিস জুটি। সানিয়া এবং হিঙ্গিস জুটি এর আগে ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি অ্যান্ড কার্লসন ট্রফি জিতেছেন। ১৯৯৬ ও ১৯৯৮ সালে উইম্বলডন ডাবলস্ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন বর্তমানে ৩৪ বছরের হিঙ্গিস। ২৮ বছরের ভারতীয় তরুণী সানিয়া এর আগে ডাবলসে গ্র্যান্ড স্লামের চূড়ান্ত পর্বে উঠেছিলেন মাত্র একবার। ফরাসি ওপেনে রুশ টেনিস তারকা এলেনা ভেসনিনার সাথে জুটি বেঁধে ফাইনালে খেললেও রানার্স-আপ হয়েই টেনিস কোর্ট ছাড়তে হয়েছিল তাকে। তবে মিক্সড ডাবলসে সানিয়া জিতেছেন তিনটি গ্র্যান্ড স্লাম। ২০০৯ অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১২ ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন সানিয়া মির্জা। সঙ্গী ছিলেন মহেশ ভূপতি। ২০১২ ইউএস ওপেনে মিক্সড ডাবলসেও জয়ী হয়েছিলেন সানিয়া, জুটি ছিলেন ব্রাজিলের টেনিস তারকা ব্রুনো সোয়ারেস। ট্রফির ঝুলিতে পিছিয়ে নেই মার্টিনা হিঙ্গিসও। চারটি অস্ট্রেলিয়ান ওপেন (ডাবলস), দু’টি ফরাসি (ডাবলস) ও উইম্বল্ডন (ডাবলস) এবং একটি ইউএস ওপেন (ডাবলস) জেতার রেকর্ড রয়েছে হিঙ্গিসের। পাঁচটি গ্র্যান্ড স্লামের মালিক মার্টিনা হিঙ্গিস নিজের ক্যারিশমা ২০১৫ উইম্বলডনেও রেখে গেলেন। ২০১৫ উইম্বলডন জিতে নিজের মুকুটে আরো দুটি পালক যুক্ত করলেন হিঙ্গিস। আর ইতিহাস গড়লেন সানিয়া। একইসাথে টেনিসে স্বর্ণাক্ষরে লেখা হলো সানিয়া-হিঙ্গিস ‘টেনিস জুটি’র গৌরবময় ইতিহাস।
