বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ ডিসেম্বর || যুব প্রেরনা সামাজিক সংগঠনের শান্তিরবাজার শাখার সমাজকর্মীদের উদ্যোগে এক অসহায় বৃদ্ধ ব্যক্তিকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আন্তরিক প্রয়াস শুরু হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে আনুমানিক ৮টা নাগাদ শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা রতিশ নমঃ নামে এক বৃদ্ধ ব্যক্তিকে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি হওয়ার সময় বৃদ্ধের পাশে দেখাশোনার মতো কেউ উপস্থিত ছিলেন না।
এই খবর পেয়ে দ্রুত জেলা হাসপাতালে ছুটে যান যুব প্রেরনা শান্তিরবাজার শাখার সমাজকর্মীরা। সেখানে গিয়ে তাঁরা অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের কাছ থেকে জানা যায়, বৃদ্ধ ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। কিছুদিন চিকিৎসা পরিষেবা গ্রহণ করলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
তবে সমস্যার বিষয় হলো, ওই বৃদ্ধ ব্যক্তি সঠিকভাবে নিজের বাড়ির ঠিকানা কিংবা পরিবারের সদস্যদের সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য দিতে পারছেন না। ফলে তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এই পরিস্থিতিতে যুব প্রেরনা সংগঠনের পক্ষ থেকে সংবাদমাধ্যমের সামনে বৃদ্ধ ব্যক্তিকে তুলে ধরা হয় এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। সংগঠনের কর্মীরা অনুরোধ করেন, যদি কেউ এই বৃদ্ধ ব্যক্তিকে চিনে থাকেন বা তাঁর পরিবারের কোনো সদস্য সংবাদটি দেখে থাকেন, তবে তাঁরা যেন দ্রুত শান্তির বাজার জেলা হাসপাতাল অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করেন।
সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে যুব প্রেরনা শান্তিরবাজার শাখা—এমনটাই মত স্থানীয়দের।
