গোপাল সিং, খোয়াই, ১৯ ডিসেম্বর || সীমান্ত ওপার বাংলাদেশে চলমান অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে ত্রিপুরার সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে খোয়াই জেলার পহরমুড়া থেকে গৌরনগর পর্যন্ত বিস্তীর্ণ বর্ডার এলাকায় খোয়াই থানার পুলিশ এবং ১০৪ ব্যাটালিয়ন বিএসএফের ‘সি’ কোম্পানির যৌথ পেট্রোলিং চালানো হয়।
খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতেই এই যৌথ টহল শুরু করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে। শীতপ্রবাহ ও রাতের অন্ধকার উপেক্ষা করেই পুলিশ ও বিএসএফ একসঙ্গে সীমান্তবর্তী গ্রাম ও গুরুত্বপূর্ণ রুটগুলিতে নজরদারি চালাচ্ছে।
সূত্রের খবর, বিএসএফের এক উচ্চপদস্থ আধিকারিকের রাজ্য সফরের পরপরই ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এই বাড়তি তৎপরতা শুরু হয়েছে। প্রশাসনের লক্ষ্য একটাই—সীমান্ত ওপারের অস্থিরতার কোনো প্রভাব যেন ত্রিপুরা, বিশেষ করে খোয়াই জেলার উপর না পড়ে।
নিরাপত্তা সংস্থাগুলির মতে, বর্তমান পরিস্থিতিতে সীমান্তে কড়া নজরদারি অত্যন্ত জরুরি। অবৈধ অনুপ্রবেশ, পাচার কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সমন্বিতভাবে কাজ করছে পুলিশ ও বিএসএফ। এই যৌথ পেট্রোলিংয়ে সীমান্ত এলাকার সাধারণ মানুষও স্বস্তি প্রকাশ করেছেন বলে জানা গেছে।
