আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর || বাংলাদেশে ভারতীয় ভিসা অফিসে বিক্ষোভ এবং সেই সঙ্গে ভারতের ‘সেভেন সিস্টার’ দখল করে নেওয়ার হুমকিমূলক বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার আবহ ছড়াল ত্রিপুরা রাজ্যে। এই ঘটনার প্রতিবাদে সোমবার আগরতলা শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে মথা দলের যুব সংগঠন ওয়াই টি এফ (YTF)।
বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানায় এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে। কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়, ফলে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
এ বিষয়ে ত্রিপুরা পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানান, সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং নিরাপত্তার স্বার্থে সবদিক থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, শান্তি বজায় রাখার স্বার্থে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
