শ্যামা সঙ্গীত পরিবেশন ঘিরে উত্তেজনা, সংগীত শিল্পী লগ্নজিতাকে হেনস্থার অভিযোগ পূর্ব মেদিনীপুরে

আপডেট প্রতিনিধি, কলকাতা, ২১ ডিসেম্বর || পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্যামা সঙ্গীত পরিবেশনকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ, অনুষ্ঠানের মঞ্চে মা কালীকে উৎসর্গ করে গাওয়া শ্যামা সঙ্গীতে বাধা দেওয়া হয় এবং শিল্পীকে প্রকাশ্যে হেনস্থা করা হয়।
জানা গেছে, শনিবার কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী একটি অনুষ্ঠানে মা কালির গান— “জাগো মা”— পরিবেশন করছিলেন। সেই সময় দর্শকাসনের একাংশ থেকে আপত্তি তোলা হয়। অভিযোগ, একদল কট্টরপন্থী ব্যক্তি গান বন্ধ করার দাবি জানায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মেহবুব মল্লিক নামে এক ব্যক্তি মঞ্চে উঠে শিল্পীর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মারধরের চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি শিল্পীকে হুমকি দিয়ে বলেন যে মুসলিম অধ্যুষিত এলাকায় মা কালির গান গাওয়া নিষিদ্ধ ও অপরাধ। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও আয়োজকদের মধ্যে। পরে আয়োজকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে সাংস্কৃতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক অধিকার লঙ্ঘনের ঘটনা হিসেবে দেখছেন। একই সঙ্গে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।
ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের তরফে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন মহলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জোরালো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*