আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর || ধর্মনগরে ডেলিভারি বয়ের উপর নৃশংস আক্রমণের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজ্যে ফের সামনে এল একই ধরনের আরেকটি চাঞ্চল্যকর ঘটনা।
রাজধানী আগরতলার এয়ারপোর্ট থানা এলাকার অন্তর্গত নারায়ণপুর বাজারে এক ডেলিভারি বয়কে প্রকাশ্যে জুতা পেটা ও মারধর করার গুরুতর অভিযোগ উঠেছে এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সামান্য বিষয়কে কেন্দ্র করে বচসার পর ওই ডেলিভারি বয়কে প্রকাশ্যে মারধর করা হয়, যা এলাকাজুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে আটক করে এয়ারপোর্ট থানায় নিয়ে আসা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার রাজ্যে ডেলিভারি কর্মীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
