শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে গতি আনতে রাজ্যে দুই নতুন RAMP প্রকল্পের সূচনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জানুয়ারি || রাজ্যের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলতে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সূচনা হলো Tripura RAMP Transport Subsidy Scheme, 2025 এবং Tripura RAMP Reimbursement of Loan Incentive Scheme, 2025। আগরতলায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, এই দুই নতুন প্রকল্প রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও উদীয়মান শিল্পোদ্যোগীদের জন্য অত্যন্ত সহায়ক হবে। পরিবহণ ব্যয়ের ভর্তুকি এবং ঋণের সুদ বা ঋণ সংক্রান্ত প্রণোদনা প্রদানের মাধ্যমে শিল্প স্থাপনের খরচ উল্লেখযোগ্যভাবে কমবে, ফলে রাজ্যে বিনিয়োগের পরিবেশ আরও অনুকূল হবে।
তিনি আরও বলেন, রাজ্য সরকার শিল্পোন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক বিকাশকে অগ্রাধিকার দিচ্ছে। RAMP প্রকল্পের আওতায় গৃহীত এই উদ্যোগ শিল্পোদ্যোগীদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং ‘মেক ইন ত্রিপুরা’ ধারণাকে আরও মজবুত ভিত্তি দেবে।
অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধি, উদ্যোক্তা ও ব্যবসায়ী মহলের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রকল্পগুলির লক্ষ্য, আবেদন প্রক্রিয়া ও সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং অংশগ্রহণকারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
উল্লেখ্য, রাজ্যের শিল্প পরিকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে Tripura RAMP প্রকল্পের অধীনে এই দুটি নতুন স্কিম ভবিষ্যতে শিল্পক্ষেত্রে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*