দক্ষতা, শৃঙ্খলা ও নেতৃত্বের বার্তা: বাগাফা কেন্দ্রীয় বিদ্যালয়ে শুরু তৃতীয় সোপান টেস্টিং ক্যাম্প ২০২৬

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ সেপ্টেম্বর || দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্ব ও সেবার মানসিকতা—এই চারটি মূল বার্তাকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার বাগাফা পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে শুরু হলো তৃতীয় সোপান টেস্টিং ক্যাম্প ২০২৬। ভারত স্কাউটস অ্যান্ড গাইডস-এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা নিজেদের জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয় RO Silchar-এর ডেপুটি কমিশনার শ্রী অনুরাগ যাদব, পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন শাখার প্রিন্সিপাল ও ভেন্যু প্রিন্সিপাল শ্রী মনোজ কুমার, পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বাগাফার প্রিন্সিপাল শ্রী রাজেশ মীনা। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী বিকাশ নাথ, শ্রী অভিজিৎ নস্কর-সহ ভারত স্কাউটস অ্যান্ড গাইডস-এর অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর অতিথিদের স্কার্ফ পরিয়ে এবং গ্রিন ওয়েলকামের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে পরিবেশিত হয় মনোমুগ্ধকর স্বাগত সংগীত।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা স্কাউট ও গাইডদের নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে ক্যাম্পে অংশগ্রহণের আহ্বান জানান। তাঁরা বলেন, এই ধরনের ক্যাম্প ছাত্রছাত্রীদের শুধুমাত্র জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা প্রদর্শনের সুযোগই দেয় না, বরং তাঁদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ, দলগত কাজের মানসিকতা এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রবণতা আরও শক্তিশালী করে।
ক্যাম্পে অংশগ্রহণকারী স্কাউট ও গাইডদের উদ্দেশে কর্মকর্তারা নিয়ম-শৃঙ্খলা মেনে প্রতিটি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পরামর্শ দেন। তাঁদের মতে, স্কাউটিং ও গাইডিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বাস্তবমুখী দক্ষতা অর্জনের পাশাপাশি একজন দায়িত্বশীল ও আত্মনির্ভর নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হওয়া তৃতীয় সোপান টেস্টিং ক্যাম্প ২০২৬ আগামী দিনগুলিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*