আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জানুয়ারি || সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে শনিবার আগরতলা উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে এক সচেতনতামূলক লিফলেট প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের ব্যস্ত মোটর স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এনএসএস-এর স্বেচ্ছাসেবীরা।
এদিন মোটরশ্রমিক, পথচারী, বাইক চালকসহ বিভিন্ন শ্রেণির মানুষের হাতে লিফলেট বিতরণ করে সড়ক সুরক্ষার গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরা হয়। দ্রুতগতিতে যানবাহন চালানো, রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রাখা, যত্রতত্র গাড়ি পার্কিং, ট্রাফিক আইন অমান্য, অল্পবয়সী চালকদের হেলমেট ব্যবহার না করা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, কানে ফোন লাগিয়ে রাস্তা পার হওয়া, সিটবেল্ট না বাঁধা এবং নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ফলে যে মারাত্মক দুর্ঘটনা ঘটছে—তা নিয়ে মানুষকে সচেতন করেন স্বেচ্ছাসেবীরা।
স্বেচ্ছাসেবীদের মতে, এইসব অনিয়মের কারণেই বর্তমানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে, যা সত্যিই উদ্বেগজনক। প্রতিনিয়ত বহু তরতাজা প্রাণ ঝরে যাওয়ার প্রেক্ষিতে সরকার নির্ধারিত সড়ক সুরক্ষা বিধি ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
দুর্ঘটনার হাত থেকে নিজেদের ও অন্যদের সুরক্ষিত রাখতে সচেতনতার বিকল্প নেই—এই বার্তা পৌঁছে দিতেই কর্মসূচির আয়োজন করা হয়। সমগ্র কর্মসূচিটির তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্বে ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।
