জাতীয় স্বাস্থ্য মিশনের সমীক্ষায় খোয়াই জেলা হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলির বেহাল চিত্র প্রকাশ্যে, পরিসেবা তলানিতে অভিযোগ জনসাধারণের

গোপাল সিং, খোয়াই, ০৩ জানুয়ারি || খোয়াই জেলা হাসপাতালের পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার বাস্তব চিত্র নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের স্টেট রিভিউ মিশন (SRM) টিমের সাম্প্রতিক সমীক্ষায় জেলা হাসপাতাল সহ একাধিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবাগত ঘাটতি ও অব্যবস্থাপনার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খোয়াই জেলা হাসপাতাল কার্যত সাইনবোর্ড সর্বস্ব হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবার নামে তেমন কিছুই পাচ্ছেন না। হাসপাতালের অভ্যন্তরের পরিবেশ অস্বাস্থ্যকর, একাধিক বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি নিয়মিত নয়। চক্ষু, গাইনোকোলজি কিংবা মেডিসিন বিভাগের চিকিৎসকেরা অধিকাংশ সময় ব্যক্তিগত চেম্বারে ব্যস্ত থাকেন বলে অভিযোগ। সামান্য জটিলতা দেখা দিলেই রোগীদের রাজধানীতে রেফার করা হচ্ছে।
ডায়াগনস্টিক পরিষেবার ক্ষেত্রেও একই চিত্র। ডায়ালিসিস, ইসিজি বা অন্যান্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় টেকনিশিয়ান প্রায়শই অনুপস্থিত থাকায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হচ্ছে। সরকারি ওষুধ মজুত থাকলেও সেগুলি অনেক ক্ষেত্রে প্রেসক্রিপশনে লেখা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। জেনেরিক ওষুধ ব্যবহারের ক্ষেত্রেও অনীহা রয়েছে বলে জনসাধারণের দাবি, যার পেছনে কমিশন নির্ভর বাণিজ্য কাজ করছে বলে অভিযোগ শোনা যাচ্ছে।
এই প্রেক্ষাপটে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতাভুক্ত বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির সার্বিক মূল্যায়নের লক্ষ্যে ২রা ও ৩রা জানুয়ারি ২০২৬ তারিখে খোয়াই জেলায় স্টেট রিভিউ মিশনের একটি প্রতিনিধি দল পরিদর্শনে আসে। ডাঃ শ্রীবাস দেববর্মা, ডাঃ ইশিতা গুহ, ডাঃ অভিজিৎ দাস, ডাঃ অন্তরা বনিক, ডাঃ অর্জুন সাহা ও ডাঃ শুভঙ্কর পালের নেতৃত্বে পরিচালিত এই পরিদর্শনের জন্য টিমকে ছয়টি দলে ভাগ করা হয়। তারা জেলার প্রতিটি ব্লকের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল লেবার রুম পরিষেবা, মাতৃ ও শিশু মৃত্যুর পরিসংখ্যান, নবজাতক পরিষেবা, জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির অগ্রগতি, ওষুধের মজুত পরিস্থিতি, ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্কিমের বাস্তবায়ন, স্টোর ব্যবস্থাপনা এবং সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার গুণমান ও কার্যকারিতা খতিয়ে দেখেন। এই সময় স্বাস্থ্য পরিষেবা পরিচালনায় একাধিক ঘাটতি চিহ্নিত করা হয় এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় দিকনির্দেশ দেওয়া হয়। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত ও কার্যকর স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা।
পরিদর্শন শেষে শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলাশাসক রজত পন্থের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম মিশন অধিকর্তা ডাঃ নূপুর দেববর্মা, সদস্য সচিব ডাঃ সৌভিক দেববর্মা, খোয়াই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ পদ্মারাম জমাতিয়া সহ জেলা ও রাজ্য স্তরের বিভিন্ন আধিকারিকরা। সভায় পরিদর্শনের সার্বিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*