স্বাধীনতার ৭৬ বছর পরও খোয়াই পুর এলাকায় গৃহহীন বাস্তবতা, বাসস্থানহীনদের জন্য নতুন পরিকল্পনার আশ্বাস দিলেন পুর চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা

গোপাল সিং, খোয়াই, ০৮ জানুয়ারি || স্বাধীনতার ৭৬ বছর অতিক্রান্ত হলেও খোয়াই পুর এলাকায় আজও এমন বহু মানুষ রয়েছেন, যাঁদের মাথার উপর স্থায়ী ছাদ নেই। এই গৃহহীন ও বাসস্থানহীন মানুষের দুর্দশার বিষয়টি সর্বপ্রথম সংবাদমাধ্যমে তুলে ধরা হয়েছিল আমাদের পক্ষ থেকেই। সেই প্রেক্ষিতেই এবার প্রকাশ্যে স্পষ্টীকরণ দিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা।
আমাদের সঙ্গে আলাপচারিতায় চেয়ারপার্সন স্বীকার করেন, খোয়াই শহরেই এখনও এমন মানুষ রয়েছেন যাঁদের নিজস্ব কোনো বাসস্থান নেই। তিনি বলেন, অতি শীঘ্রই প্রতিটি মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হবে। এই মর্মে প্রস্তাব পাঠানো হয়েছে এবং আগামী অর্থবছরে খোয়াই অফিসটিলা এলাকায় জায়গা নির্ণয় করে যাদের বাসস্থান নেই, তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে কাজ শুরু হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এছাড়াও যাঁদের একেবারেই কোনো বাসস্থান নেই, তাঁদের জন্য আলাদা পরিকল্পনা গ্রহণ করেছে খোয়াই পুর পরিষদ। চেয়ারপার্সন জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর চিন্তাধারাকে প্রাধান্য দিয়ে শীঘ্রই এই বাসস্থানহীন মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে। খোয়াই অফিসটিলা এলাকায় উপযুক্ত স্থান চিহ্নিত করে গৃহহীনদের জন্য বাসস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এই সংক্রান্ত প্রস্তাব খুব শীঘ্রই অনুমোদন পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অর্থবছরেই কাজ শুরু হয়ে যেতে পারে।
এদিকে যাঁদের নিজস্ব জমি রয়েছে, তাঁদের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ির ব্যবস্থা করা হয়েছে। তবে যাঁরা এখনও পাকা বাড়ি পাননি, তাঁদের উদ্দেশ্যে চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা আহ্বান জানান, যেন তাঁরা খোয়াই পুর পরিষদের কাছে আবেদন জমা করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর পাওয়ার সুযোগ গ্রহণ করার জন্য তিনি সকল যোগ্য উপভোক্তাকে এগিয়ে আসার অনুরোধ জানান।
স্বাধীনতার ৭৫ বছর পেরিয়েও যাঁদের ভাগ্যে বাসস্থান জোটেনি, তাঁদের মধ্যে এখন নতুন করে আশার আলো দেখা দিয়েছে। দীর্ঘ সময় ধরে তাঁরা দেখেছেন, তাঁদের চোখের সামনে বাংলাদেশী নাগরিকরা এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ঘর পেয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন, অথচ তাঁদের পক্ষে তখন কিছুই করার ছিল না।
বর্তমান সরকারের আমলে সেই গৃহহীন ও বাসস্থানহীন মানুষগুলো এখন খোয়াই পুর পরিষদ ও রাজ্য সরকারের দিকে আশাভরে তাকিয়ে রয়েছেন। এই অপেক্ষার দিন কবে শেষ হবে, তা সময়ই বলবে—তবে আশ্বাস ও পরিকল্পনার কথা শুনে নতুন করে আশায় বুক বাঁধছেন খোয়াইয়ের গৃহহীন মানুষরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*