গ্লোবাল কলেজিয়েট স্কুলের ১৮তম বার্ষিক দিবস উদযাপন

গোপাল সিং, খোয়াই, ০৯ জানুয়ারি || খোয়াই নতুন টাউন হলে গ্লোবাল কলেজিয়েট স্কুলের উদ্যোগে অত্যন্ত উৎসাহ ও আড়ম্বরের সঙ্গে বিদ্যালয়ের ১৮তম বার্ষিক দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যা ছয়টা নাগাদ প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্ব জয়ন্ত সুমির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
পরবর্তীতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের ভাইস চেয়ারপার্সন নিবাস কান্তি সাহা, কাউন্সিলর মৃত্যুঞ্জয় নাথ শর্মা, গ্লোবাল কলেজিয়েট স্কুলের কর্ণধার সুপর্ণা সোম, প্রয়াত জয়ন্ত সোমের সহধর্মিণী প্রতিভা সোম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠান জুড়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য, সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলে। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর ও স্মরণীয়।
বার্ষিক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের হাতে গ্লোবাল কলেজিয়েট স্কুলের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। অতিথিবৃন্দ বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও শিক্ষার্থীদের প্রতিভার ভূয়সী প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*