আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি || ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিমুলতলা এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুষ্কৃতীদের হাতে একটি মসজিদে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পাশাপাশি এলাকায় একাধিক দোকানপাটে আগুন লাগানো ও ভাঙচুর চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই সাম্প্রদায়িক হিংসার ঘটনায় সাধারণ মানুষের বাড়িঘর ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ এই সহিংসতার জেরে এলাকায় চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, বন্ধ হয়ে যায় স্বাভাবিক জনজীবন।
পরিস্থিতি সামাল দিতে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুলিশ টহল জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি এখনও উত্তপ্ত থাকলেও তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে ফটিকরায়ের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় নেতৃত্ব ও পুলিশ প্রশাসন দ্রুত এবং তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে। মন্ত্রী আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
একইসঙ্গে তিনি সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানিয়ে বলেন, কেউ যেন মিথ্যা, গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি আরও ঘোলাটে না করেন। প্রশাসন গোটা বিষয়টি কঠোর নজরদারিতে রেখেছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
