বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ জানুয়ারি || পিলাক প্রত্ন পর্যটন উৎসবকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠল চোরের দল। অন্যান্য বছরের মতো চলতি বছরেও পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী পিলাক প্রত্ন পর্যটন উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব উপভোগ করতে প্রতিদিনই স্থানীয় মানুষজন পরিবার-পরিজন নিয়ে মেলায় ভিড় জমায়।
এই সুযোগকেই কাজে লাগায় সংঘবদ্ধ চোরের দল। জানা যায়, মেলায় যাওয়ার কারণে ফাঁকা হয়ে পড়া বাড়িগুলিকে নিশানা করে পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটে। মেলার তিন দিন জুড়েই সক্রিয়ভাবে এই চুরি কার্য চালানো হয়। চোরের দল বিভিন্ন বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ নিয়ে চম্পট দেয়।
বিশেষ করে শুক্রবার রাতে, মেলার শেষ দিনেও চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। শনিবার সকালে চুরির খবর পেয়ে বাইখোড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরির বিভিন্ন দিক খতিয়ে দেখে এবং একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
এই ধারাবাহিক চুরির ঘটনায় একাধিক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, এই চুরিকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আটক করতে পুলিশ কতটা সফল হয়।
