বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ জানুয়ারি || শান্তিরবাজার মহকুমায় ৮নং জাতীয় সড়কে ফের একটি গুরুতর পথ দুর্ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে বীরচন্দ্র মনু লাচি ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি ছয় চাকার পণ্যবোঝাই ট্রাক (নম্বর: WB 89 C 1197) নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহকারী গুরুতরভাবে আহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি আগরতলা থেকে বিলোনিয়ার একটি শপিং কমপ্লেক্সের বিভিন্ন সামগ্রী বোঝাই করে আসছিল। ভোরবেলায় চালকের অসাবধানতার কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়েই মনু মন পাথর থানার ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।
আহত চালকের নাম বিনয় বিশ্বাস (৩০)। তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায়। অপর আহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে একটি প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। চালকের শারীরিক অবস্থা, গাড়ির যান্ত্রিক ত্রুটি অথবা অন্য কোনো কারণের জন্য দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
