শনিবার এনআইটি আগরতলার ১৮তম সমাবর্তন, প্রধান অতিথি রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি || আগামী ১৭ই জানুয়ারি ২০২৬, শনিবার বিকাল ৩টায় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), আগরতলার ১৮তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। এনআইটি আগরতলার স্বামী বিবেকানন্দ সেমিনার হলে এই সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন এনআইটি আগরতলার অধিকর্তা অধ্যাপক (ডঃ) এস. কে. পাত্র, রেজিস্ট্রার আশীষ কুমার বাদলা-সহ অন্যান্য আধিকারিকরা।
এই ১৮তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এনআইটি আগরতলার বোর্ড অফ গভর্নরস-এর চেয়ারম্যান বিনোদ কুমার বাউরি। সমাবর্তন অনুষ্ঠানে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেবেন এনআইটি আগরতলার অধিকর্তা অধ্যাপক (ডঃ) এস. কে. পাত্র।
প্রসঙ্গত, এনআইটি আগরতলা জাতীয় স্তরের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। উত্তর-পূর্বাঞ্চলে কারিগরি শিক্ষা ও গবেষণায় উৎকর্ষতার লক্ষ্যে ভারত সরকার এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছে। বর্তমানে এনআইটি আগরতলায় ৫,৩৬৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠানটি ৮টি শাখায় বি-টেক ডিগ্রি প্রদান করে। পাশাপাশি এম-টেক স্তরে ২৪টি স্পেশালাইজেশন এবং পাঁচটি শাখায় ডুয়াল ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও এখানে এমবিএ, এমসিএ, এমএসসি ও ডক্টরাল প্রোগ্রাম চালু রয়েছে।
এনআইটি আগরতলায় ২০২৩ সাল থেকে চার বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম চালু হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৩০০ জনেরও বেশি রিসার্চ স্কলার পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত রয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*