আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি || কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের বড় উদ্যোগ হিসেবে আগামী ২৮শে জানুয়ারি থেকে ধান ক্রয় কর্মসূচি শুরু হচ্ছে। এ বছর রাজ্যের লক্ষ্য ১৮ হাজার মেট্রিক টন ধান সংগ্রহ। বৃহস্পতিবার আগরতলার মহাকরণের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন রাজ্যের পরিবহণ, পর্যটন ও খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং কৃষিমন্ত্রী রতন লাল নাথ।
সাংবাদিক সম্মেলনে ধান ক্রয় কর্মসূচির পাশাপাশি জেলা ভোক্তা আদালতের সভাপতির বিষয়টি নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, সংশ্লিষ্ট বিষয়ে কিছু আইনগত জটিলতা থাকলেও তা দ্রুত কাটিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “বিচারকের এমনধরনের স্বভাব কোনোভাবেই কাম্য নয়। সরকার বা সংশ্লিষ্ট দপ্তর এ ধরনের আচরণ সহ্য করবে না।”
মন্ত্রী আরও জানান, আইনি প্রক্রিয়া মেনেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, জেলা ভোক্তা আদালতের বিচারক গৌতম সরকার-কে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে। আদালতের কর্মচারীদের অভিযোগ, তিনি নিয়মিতভাবে নেশাগ্রস্ত অবস্থায় আদালতে হাজির হতেন এবং এমনকি চেম্বারে বসেই মদ্যপান করতেন। নেশার প্রভাবে অফিস স্টাফদের সঙ্গে অনুচিত আচরণের অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, এই ঘটনা দীর্ঘদিন ধরে চলছিল এবং বিষয়টি প্রকাশ্যে আসতেই আদালতের কর্মী ও আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে, একদিকে কৃষকদের স্বার্থে ধান ক্রয় কর্মসূচি শুরু করার ঘোষণা, অন্যদিকে ভোক্তা আদালতের বিচারক সংক্রান্ত বিতর্ক—দুই বিষয়ই রাজ্যের প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
