আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি || দি সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশন-এর বটতলা, নাগেরজলা শাখার ৩৫তম বর্ষ উদযাপন উপলক্ষে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সংস্থার অফিস ঘরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংস্থার সভাপতি কমল দেব।
তিনি জানান, বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বসে আঁকো প্রতিযোগিতা। এরপর ৭ ও ৮ই ফেব্রুয়ারি আয়োজিত হবে রাজ্যভিত্তিক দাবা প্রতিযোগিতা।
এছাড়াও ১৪ই ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে এক মেগা রক্তদান শিবির ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি।
বর্ষপূর্তি অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে ২২শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সংস্থার নেতৃত্ব।
সাংবাদিক সম্মেলনে সভাপতি কমল দেব ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক উত্তম সাহা সহ অন্যান্য সদস্যরা।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচিগুলির মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়াক্ষেত্রেও ইতিবাচক বার্তা দেওয়া হবে।
