সাব্রুম ইংলিশ মিডিয়াম বিদ্যা জ্যোতি স্কুলের প্রিন্সিপাল চন্দন দেবনাথকে শোকজ

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৮ ফেব্রুয়ারী || সাব্রুম শহরের সাব্রুম ইংলিশ মিডিয়াম বিদ্যা জ্যোতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল চন্দন দেবনাথকে শোকজ নোটিশ জারি করেছে দক্ষিণ জেলার শিক্ষা দপ্তর। স্কুল পরিচালনার ক্ষেত্রে মিস ম্যানেজমেন্ট, সরকারি কর্মচারীদের সার্ভিস রুল ভঙ্গ, কর্তব্যে অবহেলা এবং গত ৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা শিক্ষা মিটিংয়ে অনুপস্থিত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক দিলীপ চন্দ্র দাস গত ৬ই ফেব্রুয়ারি প্রিন্সিপাল চন্দন দেবনাথের নামে শোকজ নোটিশ ইস্যু করেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে তাঁকে লিখিতভাবে উপযুক্ত ব্যাখ্যা দিতে হবে।
জানা গেছে, ইতিমধ্যেই স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। অভিভাবক মহল ও স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি)-র পক্ষ থেকেও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত অভিযোগ জেলা শিক্ষা দপ্তরের কাছে পৌঁছেছে। এসব অভিযোগের ভিত্তিতেই শিক্ষা দপ্তর বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলে সূত্রের খবর।
শোকজ নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা শিক্ষা দপ্তর বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*