গোপাল সিং, খোয়াই, ০৮ ফেব্রুয়ারী || খোয়াই শহরে অবৈধ মদ পাচারের বিরুদ্ধে ফের সাফল্য পেল খোয়াই পুলিশ প্রশাসন। রবিবার আনুমানিক ২টা ৩০ মিনিট নাগাদ বনকর জিমের সামনে ‘সিভিল টিম’ পুলিশের অভিযানে ২২ বোতল বিদেশি মদ সহ এক যুবককে আটক করা হয়।
ধৃত যুবকের নাম রাজিব দে, পিতা প্রফুল্ল দে, বাড়ি সিঙ্গিছড়া এলাকায় বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় তাঁর কাছ থেকে মোট ২২ বোতল ইংরেজি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি, পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। বাইকের নম্বর TR-06-B-4753।
এই অভিযানের নেতৃত্ব দেন সুভাষপার্ক আউটপোস্টের ইনচার্জ রনজিত সরকার। গোপন সূত্রের ভিত্তিতে ‘সিভিল টিম’ পুলিশ ওই এলাকায় নজরদারি চালায় এবং সন্দেহভাজনকে আটক করে তল্লাশি চালানো হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া মদের উৎস ও এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই অভিযানে খোয়াই শহরে অবৈধ মদ কারবারের বিরুদ্ধে পুলিশের তৎপরতা আরও জোরদার হলো বলে মনে করছেন স্থানীয়রা।
