সিআইটিইউ’র ডাকা বনধের বিরোধিতায় ভারতীয় মজদুর সংঘের বিক্ষোভ

সুব্রত দাস, গন্ডাছড়া, ১১ ফেব্রুয়ারী || ১২ই ফেব্রুয়ারি সিআইটিইউ (CITU)-র ডাকা বনধের তীব্র বিরোধিতা করে বুধবার গন্ডাছড়ায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল ভারতীয় মজদুর সংঘ। সংগঠনের গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। বনধের বিরোধিতায় স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় নেতৃবৃন্দ বনধকে ‘কর্মনাশা’ আখ্যা দিয়ে সাধারণ মানুষের কাছে তা প্রত্যাখ্যান করার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, বনধ ডেকে জনজীবন স্তব্ধ করে দেওয়া কখনোই শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে হতে পারে না। এতে ক্ষতিগ্রস্ত হন ছোট ব্যবসায়ী, দিনমজুর, পরিবহন কর্মীসহ সাধারণ খেটে-খাওয়া মানুষ। তাই গন্ডাছড়া মহকুমায় বনধের কোনো প্রভাব পড়তে দেওয়া হবে না বলে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়। গন্ডাছড়া ও নারায়ণপুর বাজারের সমস্ত ব্যবসায়ীদের আগামীকাল দোকানপাট খোলা রাখার অনুরোধ জানানো হয়। পাশাপাশি পরিবহন কর্মীদের সকাল থেকেই স্বাভাবিক পরিষেবা বজায় রেখে রাস্তায় গাড়ি নামানোর আহ্বান জানানো হয় এবং সব ধরনের মালবাহী গাড়ির চালকদের নির্ভয়ে কাজ চালিয়ে যাওয়ার আবেদন করা হয়।
ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আরও জানানো হয়, আগামীকাল অন্যান্য সাধারণ দিনের মতোই সরকারি দপ্তর, আদালত, স্কুল-কলেজ ও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে। বনধের কোনো প্রভাব যাতে জনজীবনে না পড়ে, সেজন্য সংগঠন তৎপর থাকবে বলেও দাবি করা হয়। মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, “আমরা এই অনৈতিক বনধ মানছি না এবং মানবো না। গন্ডাছড়াবাসীর কাছে আমাদের আবেদন, সবাই যেন নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে এই বনধকে ব্যর্থ করে দেন।”
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি ধন্য মানিক ত্রিপুরা, প্রাক্তন মণ্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, ভারতীয় মজদুর সংঘ গন্ডাছড়া মহকুমা কমিটির সভাপতি সাধন দেবনাথসহ অন্যান্য নেতৃত্ব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*