আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী || অপরাধ দমন ও দ্রুত তদন্তে দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে আবারও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ। প্রযুক্তিনির্ভর তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে চুরি যাওয়া মোট ৩০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, CEIR (Central Equipment Identity Register) পোর্টালের কার্যকর ব্যবহারের মাধ্যমে পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার (SP West)-এর সার্বিক তত্ত্বাবধানে পশ্চিম আগরতলা থানার ওসি, সংশ্লিষ্ট তদন্তকারী আধিকারিক ও থানার কর্মীরা যৌথভাবে বিশেষ অভিযান চালান। অভিযানে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোবাইল ফোনগুলি শনাক্ত করে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির প্রয়োজনীয় নথিপত্র ও পরিচয় যাচাই-বাছাই সম্পন্ন করার পর সেগুলি প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন উপভোক্তারা।
পশ্চিম জেলা পুলিশের এই পদক্ষেপ প্রযুক্তির সঠিক প্রয়োগ ও জনসেবামূলক মনোভাবের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও অপরাধ দমনে একইভাবে কঠোর ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ গ্রহণ করা হবে।
