বিধায়ক রঞ্জিত দেববর্মা ও ‘দ্যা সোস্যাল বাংলা’ ফেসবুক পেজের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী || ‘হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল’ চ্যানেলের সম্পাদক তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার পশ্চিম আগরতলা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগে তিনি বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং ফেসবুক পেজ ‘দ্যা সোস্যাল বাংলা’র বিরুদ্ধে মানহানি, হুমকি ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ তুলেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, উক্ত ফেসবুক পেজে সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে রঞ্জিত দেববর্মা একাধিক উসকানিমূলক, মানহানিকর ও ভয়ভীতি প্রদর্শনমূলক মন্তব্য করেন। অভিযোগ অনুযায়ী, সাক্ষাৎকার চলাকালীন তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় প্রণব সরকার ও ‘আজকের ফারিয়াদ’-এর সম্পাদক সনিত দেবরায়কে লক্ষ্য করে কটূক্তি করেন এবং সমাজে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেন।
প্রণব সরকারের দাবি, ভিডিওটিতে ব্যবহৃত কিছু শব্দ ও ইঙ্গিত সরাসরি তাঁদের উদ্দেশ্য করে বলা হয়েছে, যা জনসমক্ষে তাঁদের চিহ্নিত করে হুমকির পরিবেশ তৈরি করেছে। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, এই ধরনের বক্তব্য শুধু মানহানিকর নয়, বরং তা ফৌজদারি ভয়ভীতি প্রদর্শনের সামিল।
এজাহারের সঙ্গে সংশ্লিষ্ট ভিডিওর লিঙ্ক সংযুক্ত করে ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট ফেসবুক পেজের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে পেজটি স্থগিত বা ব্লক করার দাবি তোলা হয়েছে।
অভিযোগপত্রের অনুলিপি ত্রিপুরা পুলিশের ডিরেক্টর জেনারেলের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে এখনও পর্যন্ত অভিযুক্ত পক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*