নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে কড়া নজরদারি, সচিবালয়ে বৈঠক খাদ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ || সারা রাজ্যে পেট্রোল-ডিজেল, এলপিজি সিলিন্ডার ও অন্যান্য পেট্রোপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ও মূল্য যাতে স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করতে তৎপর রয়েছে রাজ্যের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর। অত্যাবশ্যকীয় পণ্যের কালোবাজারি রোধে আগাম ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজ্যের সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরহিত্য করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধূরী। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের শীর্ষ আধিকারিক ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা। বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনওভাবেই যাতে অস্বাভাবিকভাবে বৃদ্ধি না পায় এবং পেট্রোল-ডিজেল সহ খাদ্যসামগ্রীর কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে কেউ যেন কালোবাজারির মাধ্যমে মুনাফা লুটতে না পারে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দেন মন্ত্রী।
বৈঠকে মন্ত্রী জানান, রাজ্যে প্রয়োজনীয় মজুত পর্যাপ্ত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক আছে। তবে পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে অসাধু উপায়ে বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে, সেজন্য নজরদারি আরও জোরদার করা হবে। প্রয়োজনে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেরও ইঙ্গিত দেওয়া হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় দপ্তর সর্বদা সতর্ক থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*