গোপাল সিং, খোয়াই, ১০ মার্চ || খোয়াই জেলায় তিপ্রামথা পার্টির যুব সংগঠন ওয়াইটিএফ (YTF)-এর উদ্যোগে আগামী ১১ মার্চ এক বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হতে চলেছে। রামচন্দ্রঘাট বিধানসভার বাইজালবাড়ি এলাকা সহ আশপাশের বিভিন্ন অঞ্চল জুড়ে এই বাইক র্যালি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এই কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন, এই বাইক র্যালির মাধ্যমে সংগঠনের শক্তি ও ঐক্য প্রদর্শনের পাশাপাশি এলাকার যুব সমাজকে ঐক্যবদ্ধ করার বার্তা দেওয়া হবে।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, র্যালিতে বিপুল সংখ্যক যুবক-যুবতীর অংশগ্রহণের আশা করা হচ্ছে। রামচন্দ্রঘাট বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বাইক আরোহীরা বাইজালবাড়িতে সমবেত হয়ে র্যালিতে অংশ নেবেন।
এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং র্যালিকে সফল করতে সংগঠনের পক্ষ থেকে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে।
