মানিকবাজারে বামফ্রন্টের শক্তি প্রদর্শন, প্রার্থী রতন কিশোর জমাতিয়ার সমর্থনে মিছিল ও সভা

সাগর দেব, তেলিয়ামুড়া, ১০ মার্চ || এডিসি নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআই(এম) তথা বামফ্রন্ট। এরই মধ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে প্রচার কর্মসূচি শুরু করেছে বামপন্থীরা। সেই প্রচারেরই এক ঝলক দেখা গেল মহারানী–তেলিয়ামুড়া আসনের মানিকবাজার এলাকায়।
বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী রতন কিশোর জমাতিয়ার সমর্থনে মঙ্গলবার এলাকায় মিছিল ও পথসভা সংগঠিত করা হয়। কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রথমে মিছিল এবং পরে সভার মাধ্যমে বাম কর্মীদের মধ্যে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ও উদ্দীপনা স্পষ্ট হয়ে ওঠে।
রাজ্যের শাসক দল এবং এডিসির ক্ষমতাসীনদের তরফে এখনও প্রার্থী তালিকা নিয়ে তেমন অগ্রগতি দেখা না গেলেও, বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেছে বলে মনে করছেন অনেকেই। পাশাপাশি বিভিন্ন এলাকায় ধারাবাহিক প্রচার কর্মসূচি শুরু করে তারা নির্বাচনী প্রস্তুতির বার্তাও দিতে চাইছে।
মানিকবাজারে মঙ্গলবার যেভাবে শাসক দলের চোখে চোখ রেখে লাল পতাকার মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে, তা আগামী দিনের রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে বলেই রাজনৈতিক মহলের একাংশের অভিমত।
এদিনের কর্মসূচিতে প্রার্থী রতন কিশোর জমাতিয়া ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, দলের জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, মহকুমা সম্পাদক সুভাষ নাথ এবং মহকুমা নেতৃত্ব স্বস্থি দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আগামী দিনে নির্বাচনের এখনও অনেকটা সময় বাকি থাকলেও, দীর্ঘদিন পর মানিকবাজার এলাকায় বামফ্রন্টের এমন শক্তি প্রদর্শন এডিসি নির্বাচনের আবহে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন অনেকেই।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*