জাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ১৫ মার্চ || রবিবার সাংবাদিক বৈঠকে দেশের পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের ঘোষণায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে এবার দুই দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট গ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল, এবং দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। পাঁচ রাজ্যের ভোট গণনা অনুষ্ঠিত হবে ৪ মে।
পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। অন্যদিকে কেরল, অসম ও পুদুচেরিতে এক দফায় ভোট গ্রহণ হবে ৯ এপ্রিল। তামিলনাড়ুতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৮২৪টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নেবেন প্রায় ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার।
পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটারের সংখ্যা প্রায় ৬ কোটি ৪৪ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৮ লক্ষ, মহিলা ভোটার ৩ কোটি ১৬ লক্ষ, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,১৫২ জন। এছাড়াও বাংলায় নতুন ১৮ বছর বয়সী ভোটার রয়েছেন প্রায় ৫ লক্ষ ২৩ হাজার জন।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল যাতে কোনও বৈধ ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনও অবৈধ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না থাকেন, তা নিশ্চিত করা।
নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জানানো হয়েছে, ১০০ শতাংশ ভোটকেন্দ্রে ওয়েব কাস্টিং করা হবে এবং প্রতি বুথে সর্বোচ্চ ১,২০০ জন ভোটার থাকবেন।
পাঁচ রাজ্যে ভোট পরিচালনার জন্য প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী, সাড়ে আট লক্ষ নিরাপত্তাকর্মী, প্রায় ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, ১,৪৪৪ জন অবজার্ভার, ৪০ হাজার গণনাকর্মী, ২১ হাজার সেক্টর অফিসার এবং গণনার জন্য প্রায় ১৫ হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
