বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ মার্চ || শান্তিরবাজারের পুরাতন ইলেক্ট্রিক অফিস চত্বরে যেন আগুনের খেলা থামছেই না। এক সপ্তাহের ব্যবধানে আজ আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই স্থানে বারবার আগুন লাগার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণেই এমন ঘটনা বারবার ঘটছে।
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার হঠাৎই শান্তিরবাজার পুরাতন ইলেক্ট্রিক অফিস চত্বরে আগুনের লেলিহান শিখা দেখতে পান সেখানে কর্মরতরা। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় শান্তিরবাজার অগ্নিনির্বাপক দপ্তরে। খবর পাওয়া মাত্রই দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
তবে এই অগ্নিকাণ্ড ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, অফিস চত্বরে জমে থাকা ঝোপঝাড় ও জঙ্গল নিয়মিত পরিষ্কার না করার ফলেই বারবার আগুন লাগছে। প্রতি বছরই এমন ঘটনা ঘটলেও দপ্তরের পক্ষ থেকে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাদের।
এ বিষয়ে দপ্তরের এক আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি জানান, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে বা কেন বারবার এমন ঘটনা ঘটছে সে বিষয়ে তারা কিছুই জানেন না। দপ্তরের এই দায়সারা মন্তব্যে স্থানীয়দের ক্ষোভ আরও বেড়েছে।
এক সপ্তাহের মধ্যে দুইবার অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে এখন একটাই প্রশ্ন—আর কতবার এমন ঘটনা ঘটলে টনক নড়বে বিদ্যুৎ দপ্তরের?
