গোপাল সিং, খোয়াই, ২২ মার্চ || শ্রমিকদের অধিকার, সম্মান ও সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে খোয়াই মহকুমায় ই-রিক্সা শ্রমিক সংঘের একদিবসীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। মহাদেবটিলার অটল-মনোহর স্মৃতি ভবনে আয়োজিত এই সম্মেলনে প্রায় ৬০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
ভারতীয় মজদূর সংঘ অনুমোদিত খোয়াই ই-রিক্সা মজদূর সংঘের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে শ্রমিক স্বার্থ সংরক্ষণ, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। “রাষ্ট্রহিত, উদ্যোগহিত, শ্রমিকহিত”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর দাস, মন্ডল সভাপতি অনুকুল দাস, মন্ডল সাধারণ সম্পাদক অনিমেষ নাগ সহ অন্যান্য নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন দেবাশীষ নাথশর্মা, রঞ্জন দাস, প্রণব বিশ্বাস, শঙ্কু পাল প্রমুখ। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সম্পাদক রাজেশ ঘোষ এবং শ্রমিক নেতা নান্টু কুড়ি সহ অন্যান্য প্রতিনিধিরা।
বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং সংগঠনের ঐক্য বজায় রাখার উপর জোর দেন। পাশাপাশি ভবিষ্যতে শ্রমিক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথাও তুলে ধরা হয়। সম্মেলন থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি এদিন খোয়াই মহকুমা কমিটিও গঠন করা হয়।
