গোপাল সিং, খোয়াই, ২৬ মার্চ || ২০০০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারের অভাব নেই বাজারে। সারাদেশে যখন অভিযান চলছে, তখন কুম্ভ নিদ্রায় খোয়াই প্রশাসন। এদিকে খোয়াই অফিসটিলা, জেলা ও মহকুমা প্রশাসনের নাকের ডগায় চায়ের কেন্টিনগুলো, সুভাষপার্কে এলপিজি সিলিন্ডার ব্যবহার ও সম্ভাব্য মজুত নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। জনমনে প্রশ্ন— “এইসব জায়গায় প্রশাসন কি ধৃতরাষ্ট্র?” অর্থাৎ, চোখের সামনে সমস্যা থাকলেও কেন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না— তা নিয়েই উঠছে ক্ষোভ।
এই প্রেক্ষাপটেই মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ খোয়াই জেলা প্রশাসন ও পুলিশের একটি যৌথ দল চেবড়ি, পাহাড়মুড়া এবং লালটিলা এলাকায় অভিযান চালিয়ে একাধিক এলপিজি সিলিন্ডার উদ্ধার করে। প্রশাসনের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে একাংশ। সূত্রের খবর, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব— বিশেষ করে ইসরায়েল-ইরান সংঘাতের জেরে সম্ভাব্য সরবরাহ ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই এলপিজি সিলিন্ডার মজুত বন্ধে প্রশাসন এখন কড়াকড়ি শুরু করেছে।
তবে স্থানীয়দের দাবি, শুধু কিছু নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে দায়সারা কাজ করলে চলবে না। অফিসটিলা ও সুভাষপার্কের মতো জনবহুল এলাকাতেও সমানভাবে নজরদারি ও অভিযান চালানোর দাবি উঠেছে।
