গোপাল সিং, খোয়াই, ০১ এপ্রিল || টিটিএএডিসি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ধলাই জেলার কমলপুর মহকুমা। এই ঘটনার পর রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনগণের একাংশের অভিযোগ, ত্রিপুরা পুলিশ প্রধানের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে রাজ্য থেকে সরিয়ে দেওয়ার পর রাজ্য পুলিশ রাজনৈতিক সংঘর্ষ রুখতে কার্যত ব্যর্থ হচ্ছে। বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিলেও টিএসআর বাহিনী অনেক ক্ষেত্রে ‘নীরব দর্শক’ হিসেবে ভূমিকা পালন করছে বলে দাবি উঠেছে। জনগণের মতে, টিএসআর বাহিনী ভিন রাজ্যে সুনামের সাথে কাজ করলেও, নিজ রাজ্যে বিফল।
এদিকে, বুধবার কমলপুরের পশ্চিম লাম্বুছড়া এলাকায় এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক মহিলা পুলিশ কনস্টেবল এবং মহকুমা পুলিশ আধিকারিকসহ ১২ জন টিএসআর (TSR) কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের বর্তমানে কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার বিবরণে জানা গেছে, এদিন তিপ্রামথা দলের কর্মী-সমর্থকরা পশ্চিম লাম্বুছড়া এলাকায় ব্যাপক সড়ক অবরোধ শুরু করে। খবর পেয়ে কমলপুর থানার পুলিশ এবং টিএসআর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক অবরোধ তোলার চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে। অভিযোগ উঠেছে, তিপ্রামথা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে নির্বিচারে ইট-পাটকেল ও ঢিল ছুড়তে শুরু করে। এই অতর্কিত হামলায় পুলিশ ও টিএসআর বাহিনীর অন্তত ১২ জন সদস্য রক্তাক্ত ও জখম হন।
বর্তমানে লাম্বুছড়া এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিশাল পুলিশ বাহিনী ও অতিরিক্ত টিএসআর জওয়ান মোতায়েন করা হয়েছে। এদিকে, আসন্ন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা এখন প্রবলভাবে অনুভূত হচ্ছে জনমনে। বর্তমান পরিস্থিতিতে কমলপুর জুড়ে থমথমে ভাব বিরাজ করছে।
