আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল || কেন্দ্রীয় সরকারের প্রণীত শ্রমজীবী স্বার্থবিরোধী ৪টি শ্রম কোড কার্যকর না করার দাবিতে পথে নামল সিআইটিইউ ও সংযুক্ত কিষাণ মোর্চা। বুধবার তাদের যৌথ উদ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।
এদিন মেলারমাঠ পার্টি পশ্চিম জেলা অফিস থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। পরবর্তীতে অফিস লেনস্থিত শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং সেখানে একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা দাবি করেন, কেন্দ্রীয় সরকারের এই শ্রম কোডগুলি শ্রমজীবী মানুষের অধিকার খর্ব করবে এবং তাদের জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই অবিলম্বে এই কোডগুলি প্রত্যাহারের দাবি জানান তারা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত এবং প্রাক্তন মন্ত্রী পবিত্র কর সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
