আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল || ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচন ২০২৬ ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে এক বিশেষ সাক্ষাৎকারে নিজের দলের অবস্থান ও কৌশল তুলে ধরলেন রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-এর ত্রিপুরা ইন-চার্জ আশুতোষ কুমার মিশ্র।
তিনি জানান, এবারের নির্বাচনে আরএলডি পূর্ণ শক্তিতে ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তার কথায়, শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নই দলের মূল লক্ষ্য। বিশেষ করে জনজাতি ও গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নের ওপর জোর দিচ্ছে দল।
জাতীয় স্তরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে সমর্থন করলেও ত্রিপুরায় আলাদাভাবে লড়াই করার প্রসঙ্গে মিশ্র বলেন, গণতন্ত্রে প্রতিটি রাজ্যের নিজস্ব রাজনৈতিক বাস্তবতা রয়েছে। জাতীয় স্তরের সমর্থন বৃহত্তর ইস্যুকে কেন্দ্র করে হলেও, রাজ্যে দল স্থানীয় সমস্যা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়েই স্বাধীনভাবে নির্বাচন লড়ছে।
দলের নির্বাচনী প্রচারের মূল ইস্যু হিসেবে তিনি তুলে ধরেন গ্রামীণ উন্নয়ন, কৃষকদের আর্থিক সমৃদ্ধি এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। তিনি বলেন, ভারতরত্ন চৌধুরী চরণ সিংহের আদর্শ এবং জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে আরএলডি সবসময় কৃষক ও শ্রমিকদের অধিকারের পক্ষে কাজ করে যাচ্ছে।
ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি টিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মার সমালোচনা করেন। তার অভিযোগ, সরকারে থেকে আবার সরকারের বিরোধিতা করার ‘দ্বৈত নীতি’ জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। তবে মানুষ এখন এই বিষয়টি বুঝতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি।
মিশ্র আশাবাদী, এবারের নির্বাচনে মানুষ ‘প্রতীকী রাজনীতি’ নয়, বাস্তব উন্নয়নকে গুরুত্ব দিয়ে আরএলডিকে সমর্থন করবে। তিনি বলেন, গ্রামীণ পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে দল প্রতিশ্রুতিবদ্ধ।
শেষে তিনি ত্রিপুরার জনগণকে আগামী ১২ই এপ্রিল বৃহৎ সংখ্যায় ভোটদানে অংশগ্রহণের আহ্বান জানান এবং একটি সৎ ও উন্নয়নমুখী সরকার গঠনের পক্ষে রায় দেওয়ার অনুরোধ করেন।
