জাতীয় ডেস্ক, মুম্বাই, ১২ এপ্রিল || বর্ষীয়ান ও কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শনিবার সন্ধ্যায় আচমকাই অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, হঠাৎ শারীরিক অস্বস্তি অনুভব করার পর পরিস্থিতির অবনতি ঘটে। প্রথমে হৃদ্রোগের আশঙ্কা করা হলেও পরে জানা যায়, ফুসফুসে সংক্রমণসহ একাধিক অঙ্গ বিকল হয়ে যায়, যার ফলেই এই মর্মান্তিক পরিণতি।
শিল্পীর পরিবার সূত্রে জানানো হয়েছে, মুম্বইয়ের লোয়ার পারেলে তাঁর বাসভবনে শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হবে। পরবর্তীতে শিবাজী পার্কে সম্পন্ন হবে শেষকৃত্য।
তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
দীর্ঘ সঙ্গীতজীবনে আশা ভোসলে বিভিন্ন ভাষায় হাজার হাজার গান গেয়েছেন এবং অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার ও পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। তাঁর কণ্ঠে গাওয়া ‘পিয়া তু অব তো আ জা’, ‘চুরা লিয়া হ্যায় তুম নে’, ‘ইন আঁখো কী মস্তি’সহ অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে অম্লান।
তাঁর প্রয়াণে ভারতীয় সঙ্গীতজগত এক অনন্য অধ্যায়ের ইতি টানল। ভক্তদের চোখে আজ অশ্রু, স্মৃতিতে ভাসছে সুরের সেই চিরসবুজ যাত্রা।
