বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ এপ্রিল || এডিসি নির্বাচনে ২৬ নং বীরচন্দ্র কলসী কেন্দ্রে দিনের শুরুটা শান্তিপূর্ণ হলেও দুপুর গড়াতেই একাধিক পোলিং স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও মারামারির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, কিছু কিছু ভোটকেন্দ্রে সংঘর্ষের জেরে ভোটারদের উপস্থিতি একেবারে কমে যায়, ফলে কিছু বুথ কার্যত ভোটারশূন্য হয়ে পড়ে। অলোইছড়া এলাকায় তিনটি বোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
এদিকে, ২৬ নং কেন্দ্রের ৩৫ নং বুথ, অনন্ত সর্দার পাড়ায় বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াং আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে দেবদারু এলাকায় বিজেপির অন্তত পাঁচজন কর্মী আক্রান্ত হয়ে আহত হন। বর্তমানে তাঁরা জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
যেসব এলাকায় সংঘর্ষ ও বিক্ষোভ ছড়িয়েছে, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এতসব অশান্তির মাঝেও নির্বাচনের দায়িত্বে থাকা অবজারভারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, তিনি কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেননি এবং সরকারি আবাসনে অবস্থান করেই দিন কাটিয়েছেন।
এলাকার বাসিন্দারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
