অটো থেকে চুরি যাওয়া ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২ চোর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে || অটো থেকে চুরি যাওয়া প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করে দুই চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম থানার পুলিশ। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়।
তিনি জানান, রাণীরবাজার এলাকার বাসিন্দা রাজু সাহা চুরির আতঙ্কে নিজের বাড়ি থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে যান। সেই সময় স্বর্ণালংকারগুলি একটি অটোর মধ্যে রাখা ছিল। কিন্তু রাতের অন্ধকারে সুযোগ বুঝে দুষ্কৃতীরা অটো থেকে স্বর্ণালংকারগুলি চুরি করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ দ্রুত তদন্তে নামে। বিভিন্ন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে দুই অভিযুক্তকে আটক করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে বলে জানান সদর এসডিপিও। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*