আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন || আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সাংবাদিক পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আগরতলা প্রেসক্লাবের হলঘরে আয়োজিত এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এ বছর সাংবাদিক পরিবারের মোট ১৫ জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা জানানো হয়। সাংবাদিকতার মতো কঠিন ও দায়িত্বপূর্ণ পেশার সঙ্গে যুক্ত পরিবারের সন্তানদের এই সাফল্যকে সম্মান জানাতেই আগরতলা প্রেসক্লাব এই উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কৃতী ছাত্র-ছাত্রীদের উত্তরীয় পরিয়ে দেন এবং তাঁদের হাতে স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ভবিষ্যতে লেখাপড়ার পাশাপাশি রাজ্য ও দেশের উন্নয়নে অবদান রাখার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার ও সহ-সভাপতি চিত্রা রায়ও বক্তব্য রাখেন। সকলকে স্বাগত জানিয়ে প্রারম্ভিক বক্তব্য দেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দে।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের সন্তানদের এই সাফল্য শুধু সংশ্লিষ্ট পরিবারের নয়, সমগ্র সাংবাদিক সমাজের গর্বের বিষয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি সাংবাদিক মহল ও উপস্থিত অভিভাবকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। অনুষ্ঠানে আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটির সদস্যসহ প্রবীণ ও নবীন প্রজন্মের বহু সাংবাদিক উপস্থিত ছিলেন।
